২৪ ঘণ্টায় দেশে ৮৭ জনের নিশ্চিত হাম শনাক্ত
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):
দেশে হাম রোগের পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৩১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ৮৭ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২২ হাজার ৮০৫ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে সন্দেহজনক হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮২৩ জনে। আর এ সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৯ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাম রোগের সর্বশেষ পরিস্থিতি ও এ-সংক্রান্ত এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা এবং নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।