শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনের আগে ঝড়ে ভেঙে পড়ল প্যান্ডেল, আতঙ্কে ছোটাছুটি
অনলাইন ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের আগে হঠাৎ ঝোড়ো বাতাসে উপকারভোগীদের বসার জন্য নির্মিত প্যান্ডেল ভেঙে পড়ে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চ অক্ষত রয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
ঘটনার সময় প্যান্ডেলের নিচে বসে থাকা উপকারভোগী ও অতিথিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। কয়েকজন সামান্য আহত হলেও গুরুতর কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে দ্রুত প্যান্ডেল খুলে ফেলা হয় এবং নতুন করে চেয়ার বসিয়ে অতিথিদের জন্য বসার ব্যবস্থা করা হয়।
প্রধানমন্ত্রী সকাল ১০টা ১৭ মিনিটে সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। সফরসূচি অনুযায়ী তিনি দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমনের আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মাঠে নতুন করে চেয়ার বসানো ছাড়াও অতিথিদের জন্য আলাদা প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করেন।
এদিকে, প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও অনুষ্ঠানস্থলে এখন পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয়রা বলছেন, হঠাৎ ঝোড়ো বাতাসের কারণে প্যান্ডেল ভেঙে পড়ে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই মাঠে উপস্থিত হয়ে অপেক্ষা করছেন। উপকারভোগীরা আশা করছেন, ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহায়তা পাবেন।
এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ভবিষ্যতে বড় ধরনের জনসমাগমের অনুষ্ঠানে আরও সতর্কতা অবলম্বনের আশ্বাস দিয়েছে।