দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর -- ফকির মাহবুব আনাম

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন   |   জাতীয়

দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর   -- ফকির মাহবুব আনাম

খুলনা, ২ আষাঢ় (১৬ জুন):  

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর। উৎপাদন খাতে দক্ষ মানবসম্পদ, উদ্ভাবন এবং আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে দেশের শিল্পখাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

আজ খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের কার্যক্রম পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড দেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড বিভিন্ন প্রজন্মের ক্যাবল উৎপাদন করে। এখানে ক্রমাগত পুরোনো প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি প্রয়োগের চেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সাথে কার্যকর প্ল্যানিং, মার্কেটিং পলিসি গ্রহণ এবং ফাস্ট ডিস্ট্রিবিউটশন ও প্রোয়েক্টিভ মার্কেটিং নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মন্ত্রী প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন, উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণগতমান নিশ্চিতকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে মন্ত্রী বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড প্রাঙ্গণে দেশি আমের চারা রোপণ করেন। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। 

Advertisement
Advertisement
Advertisement