বিপিএলের কোটি কোটি টাকার লোকসান: কাঠগড়ায় বুলবুল, বিষ্ফোরক তামিম

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন   |   জাতীয়

বিপিএলের কোটি কোটি টাকার লোকসান: কাঠগড়ায় বুলবুল, বিষ্ফোরক তামিম

ডেক্স নিউজ:

​মিরপুরের হোম অব ক্রিকেটে আজ বইল এক তপ্ত হাওয়া। বিপিএল শেষ হয়েছে মাস চারেক আগে, অথচ সেই টুর্নামেন্টের অনিয়মের খতিয়ান যেন এখন এক আগ্নেয়গিরি, যা আজ বিদীর্ণ হলো বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের কণ্ঠে। সংবাদ সম্মেলনে যখন তিনি কথা বলছিলেন, তাতে মিশে ছিল ক্ষোভ আর বিস্ময়। এবারের বিপিএল কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি, বরং মাঠের বাইরের অব্যবস্থাপনা আর আর্থিক অস্বচ্ছতা এখন টক অব দ্য কান্ট্রি।

​তামিম ইকবালের বক্তব্যে উঠে এল এক অবিশ্বাস্য চিত্র। কোনো প্রকার আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই টুর্নামেন্টে অংশ নিয়েছে দুটি ফ্র্যাঞ্চাইজি। ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রেও দেখা গেছে চরম উদাসীনতা। যেখানে ১০ কোটি টাকা নেওয়ার কথা, সেখানে নেওয়া হয়েছে মাত্র ৩ কোটি টাকা। এই বিশাল অঙ্কের গরমিল আর খামখেয়ালিপনার দায়ভার কার? তামিম সরাসরি আঙুল তুললেন আমিনুল ইসলাম বুলবুলের দিকে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই আর্থিক বিচ্যুতি আর নিয়মবহির্ভূত সিদ্ধান্তের জন্য বুলবুলকে জবাবদিহি করতে হবে।

​বিসিবি সভাপতির কণ্ঠে ছিল আপসহীন সুর। তিনি জানান, ব্যক্তিগত আক্রমণ নয় বরং তথ্যের ভিত্তিতেই তিনি এই প্রশ্নগুলো তুলছেন। একটি দলকে ফ্র্যাঞ্চাইজি দিতে বারণ করা সত্ত্বেও কেন তাদের সুযোগ দেওয়া হলো, সেই রহস্যের জট খোলার সময় এসেছে। তামিমের মতে, বিপিএলের গত আসরে আনুমানিক ১৪ থেকে ১৬ কোটি টাকার লোকসান গুনতে হতে পারে বোর্ডকে। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়া যে কতটা খেলো আর সহজলভ্য বিষয়ে পরিণত হয়েছে, তা নিয়ে আক্ষেপ ঝরে পড়ে তার কণ্ঠে। "আমি ভুল করলে আমাকেও জবাবদিহি করতে হবে"—এমন কঠোর বার্তায় তামিম বুঝিয়ে দিলেন, অনিয়মের এই সংস্কৃতি বিসিবিতে আর প্রশ্রয় পাবে না। এখন দেখার বিষয়, এই বিশাল অংকের লোকসান আর অব্যবস্থাপনার দায়ে অভিযুক্তরা কী সাফাই দেন।

Advertisement
Advertisement
Advertisement