সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই অপসংস্কৃতি ও মাদকের বিষবাষ্প রুখতে হবে - সংস্কৃতি মন্ত্রী

 প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন   |   জাতীয়

সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই অপসংস্কৃতি ও মাদকের বিষবাষ্প রুখতে হবে   -  সংস্কৃতি মন্ত্রী

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে): 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সুস্থ সংস্কৃতি দিয়েই অপসংস্কৃতি দূর করতে হবে। বর্তমানে মাদকের ভয়াবহতা সারা দেশে ছড়িয়ে পড়েছে, যা স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পুরো যুবসমাজকে গ্রাস করছে। এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত। এই অবস্থায় কারো নিশ্চিন্ত হয়ে থাকার সুযোগ নেই; কারণ লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না। 

মন্ত্রী আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ আয়োজিত ‘বর্ষবিদায় ১৪৩২ ও বর্ষবরণ ১৪৩৩’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, কেউ অস্ত্র দিয়ে আঘাত করলে তাকে প্রতিহত করতে পাল্টা অস্ত্র লাগে। অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আমাদের হাজার বছরের সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী ঐতিহ্যবাহী এই সংস্কৃতি চর্চাকে আরো জোরদার করবে এবং এর মাধ্যমেই আমরা সমাজ থেকে অপসংস্কৃতিকে নির্মূল করব। তিনি আসন্ন ৮ই মে কুষ্টিয়ার শিলাইদহসহ দেশব্যাপী রবীন্দ্রজয়ন্তী এবং ২৫শে মে ময়মনসিংহের ত্রিশালসহ সারা দেশে নজরুল জয়ন্তী বর্ণাঢ্য আয়োজনে পালনের ঘোষণা দেন।

সুরসপ্তকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, ইউসিবি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং এসএমসি-র ব্যবস্থাপনা পরিচালক তছলিম উদ্দিন খান। 

Advertisement
Advertisement
Advertisement