জনগণের কল্যাণেই সরকারের সকল কার্যক্রম -ফকির মাহবুব আনাম

 প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন   |   জাতীয়

জনগণের কল্যাণেই সরকারের সকল কার্যক্রম    -ফকির মাহবুব আনাম

টাঙ্গাইল, ১৯ বৈশাখ (২ মে):

জনগণের ভালো থাকা মানেই সরকারের ভালো থাকা। জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ সরকার করবে না, বরং সবসময় জনগণের উন্নয়নেই কাজ করে যাবে।

গতকাল (১ মে) মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম একথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে এবং ক্ষমতা গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 ফকির মাহবুব আনাম আরো বলেন, শ্রমিকদের সম্মান নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

  অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুজ্জামান সুরুজ, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল হাকিম এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্সসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মন্ত্রী ধনবাড়ী উপজেলার ভাইঘাট এলাকায় একটি হাফেজিয়া মাদ্রাসা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেখানে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি সরকারের গত দুই মাসের অগ্রগতি তুলে ধরেন। 

Advertisement
Advertisement
Advertisement