সকল শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ):
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে অস্তিত্ব ঘোষণার আজ ৫৫ বছর। তিনি বলেন, সেই ঘোষণার পথ ধরেই ৩০ লাখ শহিদ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর সন্তানদের লড়াই সংগ্রামে অর্জিত হয়েছে সবুজ-শ্যামল এই বাংলাদেশ। তিনি বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশু ও নারীর জন্য নিরাপদ।
আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬
উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোনটা ব্যাড টাচ এ সম্পর্কে মেয়েশিশুদের সচেতন করে তুলতে হবে। এ বিষয়ে ক্যাম্পেইন করতে হবে। আমরা সকলে মিলে আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর দেশ গড়তে চাই। তিনি বলেন, কঠোর পরিশ্রম করে লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা, বই পড়া, ছবি আঁকা, আদব-কায়দা শিখে শিক্ষিত হতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, নারী নির্যাতন, ধর্ষণ হতে রক্ষা পেতে আমাদের একসাথে আওয়াজ তুলতে হবে।
ফারজানা শারমীন বলেন, স্বাধীনতার ঘোষণায় ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার- এ তিনটির কোনটিই অর্জিত হয়নি বরং নানা ধরনের অন্যায় অবিচার হয়েছে। তবে সব কিছুর পরও এখনো হতাশ হতে চাই না। এখন সবাইকে আন্তরিক হতে হবে। তিনি বর্তমান এবং ভবিষ্যৎ ইনসাফভিত্তিক স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছাঃ আরজু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী এবং দুইজন শিশু শিল্পী জাইমা তাসরিন ও রায়হান মাহমুদ।
পরে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। তিনি শিশু একাডেমির শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।