সংবাদ শিরোনাম

বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘি: প্রকৃতি ও ইতিহাসের অনন্য মিলনস্থল

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন   |   জাতি, সংস্কৃতি ও ঐতিহ্য

বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘি: প্রকৃতি ও ইতিহাসের অনন্য মিলনস্থল

ডেক্স ‍ নিউজ: 

বরিশাল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক দুর্গাসাগর দিঘি এখনো পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। ১৭৮০ খ্রিষ্টাব্দে খনন করা এই দিঘিটি শুধু জলাধার নয়, বরং বহন করে এক সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য। স্থানীয়দের কাছে এটি মাধবপাশা দিঘি নামেও পরিচিত।

ইতিহাস থেকে জানা যায়, বাকলা-চন্দ্রদ্বীপের রাজা জয় নারায়ণের মা দুর্গাদেবীর নামে দিঘিটির নামকরণ করা হয়। মাধবপাশা গ্রাম একসময় রাজাদের আবাসস্থল ছিল। এখনো সেখানে প্রাচীন প্রাসাদ, মন্দির এবং বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ দেখা যায়, যা ইতিহাসপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্র।

প্রায় ৪৬ একর আয়তনের এই দিঘির মাঝখানে স্বাধীনতার পর একটি ছোট দ্বীপ তৈরি করা হয়, যা দিঘির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। দিঘির চারপাশে প্রায় ১.৬ কিলোমিটার দীর্ঘ একটি হাঁটার পথ রয়েছে, যেখানে প্রতিদিন স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়।

বিশেষ করে শীতকালে দুর্গাসাগর হয়ে ওঠে আরও জীবন্ত। এ সময় বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পাখির কলতান আর প্রাকৃতিক পরিবেশ মিলিয়ে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়, যা দর্শনার্থীদের মনে প্রশান্তি এনে দেয়।

উল্লেখ্য, ১৯৯৭ থেকে ১৯৯৯ সালের মধ্যে দিঘিটির আংশিক সংস্কার কাজ সম্পন্ন করা হয়। বর্তমানে এটি বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।