সংবাদ শিরোনাম

খুলনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন   |   জাতীয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

খুলনা ব্যুরো :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনায় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারী শহিদ স্মৃতিসৌধ–এ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। একই সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়াম–এ বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সকাল ৯টায় খুলনা সিটি কর্পোরেশন মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

দিবস উপলক্ষে বিআইডব্লিউটিএ রকেট ঘাটে সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে গল্লামারী স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি নগর ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন, ওয়ার্ড অফিসসহ কেসিসির গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন এবং নগরীর সড়ক দ্বীপ ও প্রবেশদ্বারগুলো কাগজের পতাকায় সজ্জিত করা হয়।

শিশুদের আনন্দ আয়োজনে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়। সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বেলা ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে খুলনা সিটি কর্পোরেশন একাদশ ও জেলা প্রশাসন একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি প্রশাসক।

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা বিএনপি, খুলনা প্রেস ক্লাব, এমইউজে ও কেইউজেসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে।