শিশু কল্যাণ সম্মেলনে ডা. জুবাইদা রহমান
ডেক্স নিউজ:
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু কল্যাণ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এর আমন্ত্রণে আয়োজিত ‘Fostering the Future Together: Global Coalition Summit’ শীর্ষক এই সম্মেলনে বিশ্বের ৪৫টির বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন।
মঙ্গলবার ও বুধবার (২৪–২৫ মার্চ) অনুষ্ঠিত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় হোয়াইট হাউজে আয়োজিত স্বাগত অনুষ্ঠানের মাধ্যমে। উদ্বোধনী বক্তব্যে মেলানিয়া ট্রাম্প শিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণে বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ডা. জুবাইদা রহমান প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন। তিনি শিশুস্বাস্থ্য উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা অংশগ্রহণকারী আন্তর্জাতিক প্রতিনিধিদের আগ্রহ সৃষ্টি করে।
সম্মেলনের ফাঁকে মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান। এ সময় শিশুদের কল্যাণে যৌথ উদ্যোগে কাজ করার বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ডা. জুবাইদা রহমানের সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।
সম্মেলনের সমাপনী অধিবেশন, গ্রুপ ফটো সেশন ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি শিশুদের শিক্ষা উন্নয়নকেন্দ্রিক প্রযুক্তি প্রদর্শনীও পরিদর্শন করেন তিনি ও তাঁর প্রতিনিধিদল।