দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক
ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ):
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় বহুসংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন তিনি। শোকবার্তায় প্রতিটি অমূল্য প্রাণের অকাল প্রস্থান অপূরণীয় ক্ষতি বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে আরো বলেন, প্রিয়জনকে হারানোর এ কঠিন সময়ে শোক সহ্য করার শক্তি যেন মহান আল্লাহ্ তাঁদের দান করেন। এ দুর্ঘটনায় যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তিনি তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।