রাজধানীতে নিরাপত্তা জোরদার: রাস্তাঘাটে লোকসমাগম কম, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
জেলা প্রতিনিধি নজরুল ইসলাম :
জুলাই মাসে সংঘটিত কথিত গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মামুনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকা ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
রবিবার সকাল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা, আদালতপাড়া ও কৌশলগত এলাকাগুলোতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতোভাবে বৃদ্ধি পেয়েছে।
নগরবাসীর ভাষ্যমতে, সাধারণ দিনের তুলনায় রাস্তাঘাট কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে। যানবাহনের চাপ কম থাকায় কিছু এলাকায় চলাচল স্বাভাবিক থাকলেও আবার কোথাও কোথাও চেকপোস্টে তল্লাশির কারণে গতি শ্লথ দেখা যায়।
একাধিক নিরাপত্তা কর্মকর্তা জানান, “চলমান আইনি প্রক্রিয়া ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সতর্ক অবস্থানে আছি। জনগণের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও পথচারীরাও বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় দিনটি অন্য দিনের তুলনায় অনেকটাই শান্তভাবে যাচ্ছে।
দেশজুড়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।