সংবাদ শিরোনাম

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন   |   জাতীয়

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২৭ অক্টোবর ২০২৫

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিমাঞ্চলে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক নং–০৫) অনুযায়ী, আজ সোমবার (২৭ অক্টোবর) ভোর ৩টায় ঘূর্ণিঝড় কেন্দ্রটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৩৬০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১,৩০০ কিলোমিটার, মোংলা থেকে ১,২৮০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির অবস্থান নির্ধারণ করা হয়েছে ১১.৭° উত্তর অক্ষাংশ এবং ৮৫.৫° পূর্ব দ্রাঘিমাংশে। এটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখন খুবই উত্তাল।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পূর্বের এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এবং গভীর সাগরে না যেতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়ের গতিপথ ও গতি সম্পর্কে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে অধিদপ্তর এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশনা জারি করা হবে বলে জানানো হয়েছে।