মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১
মাসুদ আল হাসান, প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এতে মতিয়ার রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। ২৪ অক্টোবর শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার চিংড়াখাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে। আহতরা হলেন— ফকিরহাটের বেতাগা গ্রামের আসাদুল শেখ (৪০), আড়পাড়া গ্রামের জনি (৩৮) এবং ভাগা বাজার এলাকার রুমান হাওলাদার (৩৭)।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে সকালে একটি ভ্যানে করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, চারজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মতিয়ার অল্প সময়ের মধ্যেই মারা যান। বাকিদের উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।