মার্কিন বিমানবন্দরে ডানপন্থী ভাষ্যকার মিলো আটক

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

মার্কিন বিমানবন্দরে ডানপন্থী ভাষ্যকার মিলো আটক ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটিশ কট্টর ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলোসকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্তৃপক্ষ (আইসিই)। শুক্রবার সংস্থাটির রেকর্ডে তাঁর আটকের তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪১ বছর বয়সী ইয়ান্নোপোলোসকে বৃহস্পতিবার লুই আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার আদেশ রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইয়ান্নোপোলোস ২০১৯ সালের মে মাসে নিউইয়র্ক শহর দিয়ে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে পরে তিনি দেশটির আইন লঙ্ঘন করে অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন।

ইয়ান্নোপোলোস নিজেই যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে কঠোর অবস্থানের পক্ষে কথা বলে আসছেন। তিনি এমনকি সুপারমার্কেটগুলোতে আইসিইর তল্লাশি চৌকি বসানোর আহ্বান জানিয়েছেন। বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে ব্যর্থ ব্যক্তিদের কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই বহিষ্কারের পক্ষেও তিনি মত দিয়েছেন।

আটকের বিষয়ে ইয়ান্নোপোলোসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তিনি আইনজীবী নিয়োগ করেছেন কি না, সেটিও জানা যায়নি।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাঁর বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার আদেশ কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।