ব্রাজিলের আকাশে বিরল চন্দ্রগ্রহণ, পৃথিবীর ছায়ায় ঢেকে গেল চাঁদের ৯৬ শতাংশ
ব্রাজিলের আকাশে দেখা গেল এক বিরল মহাজাগতিক দৃশ্যশাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল):
ব্রাজিলের আকাশে দেখা গেল এক বিরল মহাজাগতিক দৃশ্য। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন প্রান্ত থেকে পর্যবেক্ষণ করা গেছে গভীর আংশিক চন্দ্রগ্রহণ। এ সময় পৃথিবীর ছায়া ধীরে ধীরে চাঁদের ওপর পড়ে এবং গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে চাঁদের প্রায় ৯৬.২ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢেকে যায়।
ব্রাজিলের প্রায় পুরো অঞ্চল থেকেই এই মহাজাগতিক ঘটনা দেখার সুযোগ ছিল। আবহাওয়া অনুকূলে থাকলে খালি চোখেই চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে; এ জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন ছিল না।
ব্রাসিলিয়া সময় অনুযায়ী রাত ১০টা ২৪ মিনিটে গ্রহণের প্রাথমিক পর্যায় শুরু হয়। রাত ১১টা ৩৪ মিনিটের দিকে চাঁদের ওপর পৃথিবীর গাঢ় ছায়া স্পষ্টভাবে পড়তে শুরু করে। শুক্রবার ভোর ১টা ১৩ মিনিটে পৌঁছে সর্বোচ্চ পর্যায়ে, যখন চাঁদের ৯৬.২ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে। পুরো প্রক্রিয়াটি ভোরের দিকে শেষ হয়।
চন্দ্রগ্রহণের সময় চাঁদের গায়ে লালচে বা কমলা আভা দেখা দিতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো ছেঁকে যাওয়ার সময় নীল আলোর তুলনায় লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি পরিমাণে চাঁদের দিকে পৌঁছায়। এ কারণেই গ্রহণের সময় চাঁদকে অনেক সময় ‘ব্লাড মুন’ বা ‘রক্তিম চাঁদ’ হিসেবে দেখা যায়।
তবে জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে পূর্ণ চন্দ্রগ্রহণ হিসেবে অভিহিত করছেন না। কারণ চাঁদের একটি ছোট অংশ পৃথিবীর গাঢ় ছায়ার বাইরে ছিল। সেই কারণেই এটি একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ। কিন্তু ৯৬.২ শতাংশ অংশ ছায়ায় ঢেকে যাওয়ায় দৃশ্যটি ছিল প্রায় পূর্ণ চন্দ্রগ্রহণের মতোই।
এই চন্দ্রগ্রহণ ছিল ২০২৬ সালের অন্যতম উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনা এবং ব্রাজিলের জন্য বিশেষ আকর্ষণীয়, কারণ দেশটির বিস্তীর্ণ অঞ্চল থেকে একই রাতে ঘটনাটি পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। পরবর্তী বছরগুলোতে এমন দৃশ্যের সুযোগ তুলনামূলকভাবে কম থাকবে; ২০২৮ সালের পরবর্তী আংশিক চন্দ্রগ্রহণে চাঁদের মাত্র একটি ছোট অংশ পৃথিবীর ছায়ায় ঢুকবে।
ব্রাজিলের রাতের আকাশে কয়েক ঘণ্টার এই মহাজাগতিক দৃশ্য তাই শুধু জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের নয়, সাধারণ মানুষের কাছেও তৈরি করেছে বিশেষ আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে গ্রহণের সময়কার চাঁদের অসংখ্য ছবি ও ভিডিও।