ভূমিকম্পের ধাক্কায় ট্রাম্পকে শুল্ক স্থগিতের অনুরোধ

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ভূমিকম্পের ধাক্কায় ট্রাম্পকে শুল্ক স্থগিতের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক:

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়ার ওপর আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুরোধ জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির পর পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটি।

শনিবার দে লা এসপ্রিয়েলা জানান, কলম্বিয়ার ব্যবসায়ীদের স্বস্তি দিতে যুক্তরাষ্ট্রের শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ করেছেন তিনি। ট্রাম্পের সঙ্গে ১০ মিনিটের কথোপকথনকে ‘খুবই বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক’ বলেও বর্ণনা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

সোমবার কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জাতীয় ইউনিটের হিসাবে, এতে অন্তত ২৯৪ জন নিহত হয়েছেন। দেশজুড়ে কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে।

দে লা এসপ্রিয়েলা বলেন, ‘আমি তাঁকে জানিয়েছি, আমাদের সামনে বিশাল একটি চ্যালেঞ্জ—অত্যন্ত কঠিন ও প্রায় বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে কলম্বিয়াকে পুনর্গঠন করা।’

ভূমিকম্পের পর পুনর্গঠনে প্রায় ৬৪০ কোটি ডলার প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেই অর্থ জোগাড় করতে আপাতত কর বাড়ানোর কথা সরকার বিবেচনা করছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মিগেল গোমেজ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার পণ্যের ওপর শুল্ক গত জুলাইয়ের শেষ দিকে ১০ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৫ শতাংশ হয়েছে। কফি ও তেলের মতো কয়েকটি পণ্য অবশ্য এই বাড়তি শুল্কের আওতার বাইরে রয়েছে। কলম্বিয়ার পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।

‘লিবারেশন ডে’ শুল্ক নিয়ে আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর হোয়াইট হাউস নতুন করে প্রায় সব বাণিজ্যিক অংশীদারের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয়। কলম্বিয়ার ক্ষেত্রেও শুল্ক বাড়ানোর কারণ হিসেবে জোরপূর্বক শ্রম ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে ধরেছে ওয়াশিংটন।

দে লা এসপ্রিয়েলা একজন কোটিপতি আইনজীবী থেকে রাজনীতিতে আসা ডানপন্থী নেতা। জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থী ইভান সেপেদাকে অল্প ব্যবধানে হারিয়ে তিনি জয়ী হন। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প তাঁকে সমর্থন করেছিলেন।

আগস্টের শুরুতে দায়িত্ব নেওয়ার পর দে লা এসপ্রিয়েলা ট্রাম্পের নেতৃত্বাধীন ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ নামের মাদকচক্রবিরোধী জোটে যোগ দিয়েছেন। দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশও এই জোটে রয়েছে।

কলম্বিয়ার দীর্ঘদিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই জোরদার করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে একটি সামরিক জোট গড়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট।

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement