ব্রাজিলে পবিত্র রমজান শুরু! বাংলাদেশি কমিউনিটির প্রাণবন্ত উপস্থিতি সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লীদের অংশগ্রহণে তারাবিতে মিলল ভ্রাতৃত্বের বন্ধন
শাহানুর রুমেন. ব্রাজিল প্রতিনিধি:
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল-এ আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। চাঁদ দেখা সাপেক্ষে ঘোষণার পর রাজধানী ব্রাসিলিয়া, বাণিজ্যিক নগরী সাও পাওলোসহ বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিসহ বিশ্বের নানা দেশের মুসল্লীরা প্রথম তারাবির নামাজ আদায় করেন গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যে।রমজানের প্রথম রাতেই সাও পাওলোর ঐতিহ্যবাহী মসজিদ ব্রাজিল-এ ছিল উপচে পড়া ভিড়। আরব, আফ্রিকান, দক্ষিণ এশীয় ও লাতিন আমেরিকান মুসল্লীদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ে।
বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ এক কাতারে দাঁড়িয়ে তারাবি আদায়ের মধ্য দিয়ে তুলে ধরেন ইসলামের সার্বজনীন ভ্রাতৃত্বের বার্তা। বাংলাদেশি কমিউনিটির নেতারা জানান, প্রবাসে থেকেও ধর্মীয় অনুশাসন পালনে তারা সবসময় ঐক্যবদ্ধ।
স্থানীয় ইসলামিক সেন্টারের ইমাম খুতবায় বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতির জন্য দোয়া করেন।ব্রাজিলে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক কম হলেও রমজানকে ঘিরে ধর্মীয় আবহ স্পষ্ট। বিভিন্ন মসজিদে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল কাজ করছে। রমজানের প্রথম তারাবিতে অংশ নেওয়া এক বাংলাদেশি মুসল্লী বলেন, প্রবাসে থেকেও যখন এত দেশের মানুষ একসাথে নামাজ পড়ি, তখন মনে হয় আমরা সবাই এক উম্মাহ।” রমজানজুড়ে ব্রাজিলের বিভিন্ন শহরে ধর্মীয় কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ইসলামিক সংগঠনগুলো। সংযম, আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা নিয়ে শুরু হলো পবিত্র এই মাস—যা বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বয়ে আনুক শান্তি, ঐক্য ও কল্যাণ।