খুমেক-এ ড্যাবের মতবিনিময় সভায় চিকিৎসা সেবার মানোন্নয়ন ও সাংগঠনিক ঐক্যের ওপর জোর
খুলনা ব্যুরো :
খুলনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা শাখা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সভায় চিকিৎসা সেবার মানোন্নয়ন, পেশাগত অধিকার সুরক্ষা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. স ম গোলাম আজমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ড্যাবের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. এনামুল হকের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম মাসুদুর রহমান লিমন সার্বিক সহযোগিতা করেন।
সভায় বক্তব্য দেন মহানগর ড্যাবের সভাপতি ডা. মোস্তফা কামাল, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম-মহাসচিব ডা. এসএম আকরামুজ্জামান, বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য ডা. সোহেল মাহমুদ খান, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ডা. এম রিয়াজুল আলম, ডা. মোশি দায়েন হালদার ও ডা. মোহাম্মদ মাহবুবুজ্জামান।
এছাড়া বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব। তারা পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।