ছয় দিনে বেনাপোল দিয়ে ২,১০০ টন চাল আমদানি
মাসুদ আল হাসান ,খুলনা ব্যুরো :
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ছয় কার্যদিবসে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে ২ হাজার ১০০ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি হয়েছে।
বন্দর সূত্র জানায়, ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে এসব চাল দেশে আসে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভারত থেকে আমদানিকৃত চালের একটি চালানে তিনটি ট্রাক বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।
আমদানিকারক প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স ও মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ। দেশের বাজারে চালের দাম সহনীয় রাখতে সরকার শুল্কমুক্ত সুবিধায় এসব চাল আমদানির অনুমতি দিয়েছে।
জানা গেছে, গত বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে বেনাপোল বন্দর দিয়ে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়, যার সময়সীমা আগামী ৩ মার্চ পর্যন্ত।
বেনাপোল বন্দর–এর পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে আমদানি করা প্রতি কেজি চালের সব খরচসহ মূল্য পড়ছে প্রায় ৫০ টাকা।