সংবাদ শিরোনাম

ঢাকা-৭ আসনে বিজয়োত্তর শুভেচ্ছা বিনিময় শপথের আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন হামিদুর রহমান হামিদ

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন   |   জাতীয়

ঢাকা-৭ আসনে বিজয়োত্তর শুভেচ্ছা বিনিময়  শপথের আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন হামিদুর রহমান হামিদ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিজয়ী হওয়ার পর শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের প্রাক্কালে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ বংশাল থানা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সাক্ষাৎকালে বংশাল থানা বিএনপির আহ্বায়ক তাজউদ্দিন আহমেদ তাইজু, ১নং যুগ্ম আহ্বায়ক মামুন আহমেদ, যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন, নিয়াজ মোরশেদ ও ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বংশাল থানা বিএনপি নেতা জামিল উদ্দিন সোহেল, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল জব্বার, ৩৩নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সিরাজ, ৩১নং ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট হাসান, ৩৫নং ওয়ার্ড সভাপতি রলিক্স পারভেজ ও ৩৪নং ওয়ার্ড সভাপতি নাজিম উদ্দিন আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শপথ গ্রহণের পর তিনি সংসদে ঢাকা-৭ এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা—গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং যানজট নিরসনের বিষয়গুলো জোরালোভাবে উত্থাপন করবেন। এলাকার নাগরিক সেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।

সংক্ষিপ্ত বক্তব্যে হামিদুর রহমান হামিদ বলেন, “এ বিজয় জনগণের। এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানই হবে আমার অগ্রাধিকার।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শপথ অনুষ্ঠানের আগে এ মতবিনিময় সভা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে বলে উপস্থিতরা মত দেন।