চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতা সাময়িক বহিষ্কার
খুলনা ব্যুরো :
চুয়াডাঙ্গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কর্মকাণ্ডবিরোধী কার্যকলাপের অভিযোগে বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যার আগে জেলা বিএনপির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের যৌথ স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের সিদ্ধান্তটি বুধবার থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।#