দাকোপে অবৈধ জাল ধ্বংসে প্রশাসনের সমন্বিত অভিযান
খুলনা ব্যুরো :
খুলনার দাকোপ উপজেলা এলাকায় জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ ও চিংড়ির প্রাকৃতিক বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসব্যাপী এ অভিযান চলে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে পশুর, শিবসা, ভদ্রা, ঢাকি, চনকুড়ি ও ঝপঝপিয়া নদীসহ বিভিন্ন নদ-নদী, খাল ও বিল এলাকায় অবৈধ জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
চার ধাপে পরিচালিত অভিযানে মোট ১১টি মোবাইল কোর্ট ও ৩০টি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নদী ও খাল থেকে প্রায় ৬ লাখ ৯ হাজার মিটার কারেন্ট জাল, ৫৮টি বেহুন্দি জাল এবং চরপাটা, চরঘেরা, মশারি জালসহ প্রায় ১৪৩টি বিভিন্ন ধরনের অবৈধ জাল উদ্ধার করা হয়। জব্দ করা জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে জেলেদের কাছ থেকে অবৈধভাবে আটক প্রায় ৭০ কেজি বাগদা ও পারশে রেণু জব্দ করে পুনরায় নদীতে অবমুক্ত করা হয়।
অভিযানে বাংলাদেশ নৌ পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনী সহায়তা প্রদান করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ কারেন্ট জাল ব্যবহারের ফলে মাছের ডিম ও পোনা ধ্বংস হয়, যা দীর্ঘমেয়াদে মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।