ভুয়া কাগজে এনআইডির আবেদন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন   |   ময়মনসিংহ

ভুয়া কাগজে এনআইডির আবেদন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ভুয়া কাগজপত্র জমা দেওয়ার অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার নতুন এনআইডি আবেদন বাতিল করেছে প্রশাসন।

রোববার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এনআইডির আবেদন যাচাইয়ের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ হলে বিষয়টি তদন্ত করা হয়। পরে যাচাই-বাছাইয়ে আবেদনের সঙ্গে জমা দেওয়া জন্মতারিখসংক্রান্ত নথিপত্র জাল বলে নিশ্চিত হওয়া যায়।

অভিযুক্ত মো. ইস্রাফিল মিয়া, যিনি উপজেলার ধানীখোলা ইউনিয়নের বাসিন্দা। প্রশাসনের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, টাকার বিনিময়ে একটি কম্পিউটারের দোকানে বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো, সিল ও স্বাক্ষর জাল করে এসব সনদ ও প্রত্যয়নপত্র প্রস্তুত করা হয়েছিল।

ঘটনার পর উপজেলা প্রশাসন অভিযুক্তকে নিয়ে নোমান প্লাজার সংশ্লিষ্ট কম্পিউটারের দোকানে যায় এবং বিষয়টি তদন্ত করে। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে অর্থদণ্ড প্রদান করে এবং তার এনআইডি আবেদন বাতিলের নির্দেশ দেয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, জাল নথি ব্যবহার করে সরকারি সেবা গ্রহণের চেষ্টা আইনত দণ্ডনীয়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নোমান প্লাজার অন্যান্য কম্পিউটার দোকানের মালিকদেরও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement