নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন   |   ময়মনসিংহ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী

ময়মনসিংহ, ২৪ জুন: দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানীদের আরও বেশি মৌলিক ও উদ্ভাবনী গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণার কোনো বিকল্প নেই এবং সময়োপযোগী গবেষণাই ভবিষ্যৎ কৃষি ও মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করবে।

মঙ্গলবার ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিএফআরআই’র কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে খাদ্যের ঘাটতির চেয়ে নিরাপদ খাদ্যের চাহিদা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই খাদ্য উৎপাদনের পাশাপাশি এর গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি গবেষকদের নতুন উদ্ভাবনকে প্যাটেন্টের আওতায় আনার এবং উৎপাদনশীলতা বৃদ্ধিমুখী প্রকল্প গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভেজাল ও নিম্নমানের খাদ্য শুধু জনস্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, এটি কৃষি ও মৎস্য খাতের উৎপাদন ব্যবস্থাকেও নেতিবাচকভাবে প্রভাবিত করছে। আন্তর্জাতিক মান বজায় রেখে মাছের খাদ্য উৎপাদনের কাঁচামাল নিরাপদভাবে উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা তৈরির কথাও উল্লেখ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, কৃষিখাতের মতো মৎস্য খাতেও ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবি যৌক্তিক। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এর আগে মন্ত্রী বিএফআরআই’র বিভিন্ন গবেষণা ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি সুবর্ণ রুই, মেকং পাঙ্গাশ, মহাশোল, ছোট মহাশোল, দেশি সরপুঁটি, বাইন, ভাগনা, ঢেলা, তিতপুঁটি, খোকসা, ঘাউড়া, মনোসেক্স তেলাপিয়া, গুঁড়া চিংড়ি, গলদা চিংড়ি ও কুচিয়া মাছের হ্যাচারি পরিদর্শন করেন। পাশাপাশি খাঁচায় শিং, গুলসা, পাবদা ও মাগুর মাছের চাষ কার্যক্রমও পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিএফআরআই’র মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, পরিচালক ড. মো. লতিফুল ইসলাম, পরিচালক ড. মো. আমিরুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

তথ্য ও সূত্র: পিআইডি

Advertisement
Advertisement
Advertisement