র‍্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন   |   খুলনা

র‍্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর লবণচরা এলাকায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর। র‍্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‍্যাব জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচরা থানার হরিণটানা বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় মঞ্জুরুল নিহত হন। তাঁকে কুপিয়ে ও গুলি করা হয়। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকা থেকে নাজমুল নামের আরেক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মঞ্জুরুল হত্যার প্রতিশোধ নিতে নাজমুলকে হত্যা করা হয়ে থাকতে পারে। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় লবণচরা থানায় পৃথক মামলা করা হয়।

র‍্যাব জানায়, জোড়া হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে রোববার টুঙ্গিপাড়ায় অভিযান চালানো হয়। সেখান থেকে ফারুক ও কদরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব।