খুলনায় পিস্তল-গুলি ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীতে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চোরাই মোটরসাইকেলসহ মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা মাদ্রাসা গলি রোডে নিউ সিটি ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানার একটি দল দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ছোট বয়রা শান্তিনগর এলাকার বাসিন্দা মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাঁর হেফাজত থেকে ৭ দশমিক ৬৫ মিলিমিটার একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি চোরাই।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।