রূপসায় প্রতিপক্ষের হামলায় নিহত ১ আটক ১
খুলনা ব্যুরো :
খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের হামলায় হাসান (৬৩) ওরফে বিহারী হাসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে হাসানের বাড়িতে আসা অতিথিদের ব্যবহৃত একটি ভ্যান চুরি যায়। ওই ঘটনার পর সন্দেহভাজন হিসেবে একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারীর নাম উল্লেখ করেছিলেন হাসান।
এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় চৌরাস্তার মোড়ে হাসানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।