ঢাকার পল্টন থেকে খুলনার যুবলীগ নেতা শওকত গ্রেপ্তার

 প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন   |   খুলনা

ঢাকার পল্টন থেকে খুলনার যুবলীগ নেতা শওকত গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনা মহানগর যুবলীগের সদস্য ও ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শওকত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দুইটার দিকে ঢাকার পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর রাতেই তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম জানান, খুলনার শেখ পরিবারের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে শওকত হোসেন এলাকায় পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান, শওকত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমিদস্যুতা সহ মোট পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পল্টন এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার তাকে ওই পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।