২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):
আগামীকাল ২৫ মার্চ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।
এদিন দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ২৫ মার্চের গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে।
এছাড়া, ২৫ মার্চ দুপুর ১২টা থেকে ঢাকাসহ দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় মিনিপোলসমূহে গণহত্যা বিষয়ক বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
এদিন বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সারাদেশে মসজিদে বিশেষ মোনাজাত ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
দিবসটি উপলক্ষ্যে ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত ১০ টা ৩০ মিনিট থেকে ১০ টা ৩১ মিনিট পর্যন্ত এক (০১) মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির বাইরে থাকবে। ২৫ মার্চ রাতে কোনো অবস্থাতেই আলোকসজ্জা করা যাবে না।
২৫ মার্চ সকাল ১০টা অথবা সুবিধাজনক সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষ্যে সেমিনার আয়োজন করা হবে।
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানানো হয়েছে।