সংবাদ শিরোনাম

অভয়নগরে অস্ত্র গুলি সহ চিহ্নিত ৩ সন্ত্রাসী আটক

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন   |   খুলনা

অভয়নগরে অস্ত্র গুলি সহ চিহ্নিত ৩ সন্ত্রাসী আটক

খুলনা ব্যুরো :

যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। ৬ মার্চ শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—অভয়নগরের ধুল গ্রামের শাকিল সরদারের ছেলে ও মনিরামপুরের কপালিয়া বাজারের রানা প্রতাপ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রিয়াজ সরদার ওরফে সূর্য (২৪), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৬) এবং ইছামতী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল মোল্লা (২২)।

পুলিশ জানায়, ভোররাতে একদল সন্ত্রাসী গোপীনাথপুর এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে।

পরে পুলিশ তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে স্থানীয়রা আগুন ধরিয়ে দেয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।