ঈদে ভেজাল রোধে খুলনায় মোবাইল কোর্ট ; জরিমানা আদায়
খুলনা ব্যুরো :
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোক্তারা যাতে গুণগতমানসম্পন্ন পণ্য পেতে পারেন, সে লক্ষ্যে মঙ্গলবার খুলনায় বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা বিভাগীয় অফিস ও খুলনা জেলা প্রশাসন–এর সমন্বয়ে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে খুলনা নিউমার্কেটের ‘ডে-সেভেন ইউনিক সুপার শপ’কে টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াশ, নেইল পলিশ ও লিপস্টিকসহ বিভিন্ন পণ্যে বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়-বিতরণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া খালিশপুর জোড়াগেট এলাকায় ‘নুরজাহান ফুড প্রোডাক্টস’কে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করে এবং পণ্যের লেবেলে মিথ্যা তথ্য দিয়ে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ–এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই খুলনা বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) মোঃ আলী হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ বায়েজিদ বোস্তামি উপস্থিত ছিলেন। ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।