সংবাদ শিরোনাম

নাগরিক সেবায় জোর, কেসিসি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন   |   খুলনা

নাগরিক সেবায় জোর, কেসিসি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার কেসিসি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন। সকাল সাড়ে ৯টা থেকে তিনি পর্যায়ক্রমে খালিশপুরস্থ কেসিসি শাখা অফিস ও লাল হাসপাতাল, করিম নগরে চলমান ড্রেন উন্নয়ন কাজ এবং শেরে বাংলা রোডস্থ যানবাহন শাখা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের প্রতি আরও যত্নবান হওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে মশার বংশ বিস্তার রোধ ও মশক নিধন কার্যক্রম জোরদারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শাখা অফিস পরিদর্শনের সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নাগরিক সেবা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে নগরবাসীর মতামত গ্রহণ এবং মাঠ পর্যায়ের কর্মীদের কাছ থেকে সেবা প্রদানে অন্তরায়সমূহ জানার উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবতার আলোকে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করে তা বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন–এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।