খুলনায় আবারও যুবক গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি
খুলনা ব্যুরো :
খুলনা নগরীর লবনচরা থানার মুজাহিদ পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আহত যুবকের নাম হাবিবুর রহমান (২০)। তিনি মুজাহিদ পাড়া বাজারের পাশেই বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪ মার্চ বুধবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে মুজাহিদপাড়ায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একপক্ষের ছোড়া গুলিতে হাবিবুর রহমান আহত হন। গুলিটি তার পিঠ ছুঁয়ে বেরিয়ে গেছে বলে জানা গেছে।স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।
এ বিষয়ে লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তুহিনুজ্জামান জানান, সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষের সময় পথ দিয়ে বাড়ি ফেরার পথে হাবিবুর রহমান গুলিবিদ্ধ হন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।