সংবাদ শিরোনাম

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ী কে অর্থদণ্ড

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন   |   রাজশাহী

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ী কে অর্থদণ্ড

মোঃ আশরাফুল ইসলাম (পাবনা)প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ী কে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

বুধবার ৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ও  ভাঙ্গুড়া থানা পুলিশ উপস্থিত ছিল।

অভিযান কালে ভবানীপুর গ্রামের মোছাঃ খুশি খাতুন (৪০), স্বামী নুর ইসলাম এর বাড়ি থেকে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত ৬ ড্রাম (প্রায় ১ হাজার ৮০০ কেজি) জেলি এবং ৫ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ৬ ড্রাম জেলি ধ্বংস করা হয় এবং ৫ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবান থাকবে।