খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠান

 প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠান

খুলনা ব্যুরো :

খুলনা বিভাগীয় পর্যায়ে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ ১ মার্চ (রবিবার) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। তিনি বলেন, দেশের সকল নারীই অদম্য। শিক্ষা মানুষকে আলোকিত করে এবং সফল নারীরা সেই আলোর অংশ। তিনি আরও বলেন, নারীদের কাজ মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। বিভাগীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।

খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।

অনুষ্ঠানে জেলার পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বিভাগীয় পর্যায়ে নির্বাচিতরা হলেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে খুলনার খালিশপুরের তারানা তাবাচ্ছুম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কুষ্টিয়ার ভেড়ামারার মোছা: ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে সাতক্ষীরা সদরের লুৎফুন নেছা বেগম, নির্যাতন থেকে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে যশোর সদরের শরিফা ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোছা: রাজিয়া খাতুন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত নারীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।