মোংলা থেকে চুরি হওয়া ২০ টন সুপারি ফকিরহাটে উদ্ধার

 প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন   |   খুলনা

মোংলা থেকে চুরি হওয়া ২০ টন সুপারি ফকিরহাটে উদ্ধার

খুলনা ব্যুরো :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চুরি হওয়া প্রায় ২০ টন সুপারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৭ লাখ ৩২ হাজার টাকা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, থাইল্যান্ড থেকে আমদানিকৃত সুপারিগুলো মোংলা বন্দর হয়ে ভারতে যাওয়ার কথা ছিল। সাতক্ষীরার ব্যবসায়ী গোপাল চন্দ্র ঘোষের মালিকানাধীন ‘মেসার্স সনদ ট্রান্সপোর্ট এজেন্সি, খুলনা’-এর মাধ্যমে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ২৫০ বস্তায় ২০ টন সুপারি বেনাপোল বন্দর-এর উদ্দেশ্যে পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে মালামাল পৌঁছায়নি।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে একটি ভাড়া বাসায় সুপারিগুলো রাখা হয়েছে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-র একটি টহল দল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মনির শেখের ভাড়া বাসার সিঁড়িঘর থেকে চটের বস্তাবন্দি ২৫০ বস্তা সুপারি উদ্ধার করে।

মামলার আসামিরা হলেন—মামুন খান (৩৮), তুহিন খান (৫৫) ও মনি শেখ (৪৩)। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবহনের দায়িত্বে থাকা ব্যক্তিরা যোগসাজশে মালামাল আত্মসাৎ করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।