যশোরে মতবিনময় সভা: সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স- প্রতিমন্ত্রী অমিত

 প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন   |   খুলনা

যশোরে মতবিনময় সভা: সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স- প্রতিমন্ত্রী অমিত


মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যশোর জেলাকে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে সবার আন্তরিকতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। এ ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, যারা মাদক ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছেন, তাদের নামের তালিকা তৈরি করা হবে এবং তাদের সঙ্গে আলোচনা করা হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আত্মবিশ্বাস ও খোলা মনে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে সহযোগিতা করবে।

মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।