চিতলমারীতে ৩০ হাজার একর জমিতে বোরো আবাদ
খুলনা ব্যুরো :
বাগেরহাটের চিতলমারী উপজেলায় চলতি মৌসুমে ৩০ হাজার একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধান ও চালের বাজারদর অনুকূলে থাকায় এ বছর চাষিদের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়নের ২১টি ব্লকে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কিছু বেশি জমিতে আবাদ হয়েছে। উফশি, স্থানীয় ও উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে। বর্তমানে রোপণ শেষ করে কৃষকরা চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
কৃষকেরা জানান, গত কয়েক বছর লোকসান হলেও এ বছর বাজার ভালো থাকায় নতুন আশায় মাঠে নেমেছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ বলেন, মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ ও তদারকি করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলনের আশা করছেন তিনি।