মোংলা-রামপালে সরকারি খাল উন্মুক্তের ঘোষণা
খুলনা ব্যুরো :
মোংলা ও রামপালের সরকারি খাল দখলমুক্ত করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, এখন থেকে কোনো সরকারি খাল ইজারা দেওয়া হবে না এবং দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে মাদুরপাল্টা ব্রিজ সংলগ্ন এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ চার দশক পর খালগুলো খননের ফলে জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষকরা কৃষিকাজে সুবিধা পাবেন। জোয়ার-ভাটার স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হলে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও ইতিবাচক ফল মিলবে।
প্রথম পর্যায়ে মাদুরপাল্টা, ভোলা নদী, পালেরখন্ড ও বেনীরখন্ড—এই চারটি খালের মোট সাড়ে ৮ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এতে প্রায় ২৬ লাখ ১৪ হাজার ৬৫৭ ঘনফুট মাটি অপসারণ করা হবে। খালের উপরের প্রস্থ ২৫ ফুট, নিচের প্রস্থ ৫ ফুট এবং গভীরতা ৮ ফুট নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৯ লাখ ৬৭ হাজার ৮৪৭ টাকা এবং আগামী ৩০ মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার সুমী। তিনি জানান, দখলদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং খালের প্রবাহ সচল রাখতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় সেই উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়দের আশা, খাল পুনঃখননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও লবণাক্ততার সমস্যা অনেকটাই কমবে এবং কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।