কেসিসিতে বর্ণাঢ্য আয়োজন ; প্রশাসকের দায়িত্বে নজরুল ইসলাম মঞ্জু

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন   |   খুলনা

কেসিসিতে বর্ণাঢ্য আয়োজন ; প্রশাসকের দায়িত্বে নজরুল ইসলাম মঞ্জু

খুলনা ব্যুরো :

আজ ১ মার্চ রোববার নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নগর ভবনে প্রস্তুতি নেওয়া হয়েছে।

কেসিসি সূত্র জানায়, প্রায় ৫ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমন্ত্রিতদের তালিকায় খুলনার ছয়টি আসনের সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সেবা দাতা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিক সংগঠনের নেতারা রয়েছেন। এছাড়া নগরীর রিকশা, ইজিবাইক চালক ও শ্রমিক প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।

কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ জানান, রোববার দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

নগর ভবনের তৃতীয় তলায় অবস্থিত শহীদ আলতাফ মিলনায়তন ও জিআইজেড সভাকক্ষে অতিথিরা আসন গ্রহণ করবেন। নিচতলায় এলইডি ডিসপ্লের মাধ্যমে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

নবনিযুক্ত প্রশাসক প্রথমে নিচতলায় উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে পরে তৃতীয় তলায় দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সরকার নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। ২৪ ফেব্রুয়ারি সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে তিনি যোগদানপত্র হস্তান্তর করেন। অসুস্থতার কারণে কয়েকদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন তিনি।