খুলনায় নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে ভুল বোঝাবুঝি

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে ভুল বোঝাবুঝি

খুলনা ব্যুরো :

ডাক বিভাগের ‘মেইল ক্যারিয়ার’ পদে নিয়োগ পরীক্ষা চলাকালে খুলনায় এক শিক্ষককে ঘিরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলের বাইরে যাওয়াকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নফাঁসের সন্দেহ দেখা দেয়। তবে পরে বিষয়টি ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে খুলনা নগরীর দৌলতপুর এলাকায় অবস্থিত দৌলতপুর মুহসিন মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কলেজের গণিত বিভাগের প্রভাষক মোঃ হাফিজুর রহমান পরীক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

কলেজ ও পরীক্ষার্থী সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে তিনি একটি প্রশ্নপত্র নিয়ে দেখছিলেন। এ সময় ঘণ্টা বাজার পর প্রশ্ন হাতে নিয়েই হলের বাইরে বারান্দায় যান। বিষয়টি দেখে কয়েকজন পরীক্ষার্থী সন্দেহ প্রকাশ করেন। পরীক্ষা শেষে তারা কেন্দ্র সচিব ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজওয়ানুর রশিদ তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে লিখিত বক্তব্য নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ভুল বোঝাবুঝি। তবে কেন তিনি প্রশ্নপত্র খুলে দেখেছেন—সে বিষয়ে তার কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।