১১ দিনে ৩,২২০ টন চাল আমদানি --- বেনাপোল বন্দর দিয়ে বাড়ছে মোটা চালের আমদানি
খুলনা ব্যুরো :
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১১ দিনে ২৩টি চালানের মাধ্যমে ৩ হাজার ২২০ মেট্রিক টন নন-বাসমতি মোটা চাল আমদানি হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর হয়ে এসব চাল বেনাপোলে প্রবেশ করে।
বন্দর সূত্র জানায়, ২৭ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ৯০টি ট্রাকে এসব চাল আনা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৯ ট্রাক চাল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দরের পরিচালক শামীম হোসেন।
আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, প্রতি কেজি চালের আমদানি খরচ বেনাপোল বন্দর পর্যন্ত পড়েছে ৫০ টাকা। খোলা বাজারে তা ৫১ টাকা কেজি দরে বিক্রি করার পরিকল্পনা রয়েছে। বন্দর থেকে চাল ছাড় করণের কাজ করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ।
এর আগে গত বছরের আগস্ট থেকে নভেম্বর—এই চার মাসে বেনাপোল বন্দর দিয়ে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। নির্ধারিত সময়সীমা আগামী ৩ মার্চ পর্যন্ত; এর মধ্যে আমদানিকৃত চাল বাজারজাত করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ বাড়বে এবং চালের দামে স্থিতিশীলতা আসতে পারে।