কালীগঞ্জে প্রলোভনের ফাঁদে শিশু হত্যা, গ্রেফতার ১

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন   |   খুলনা

কালীগঞ্জে প্রলোভনের ফাঁদে শিশু হত্যা, গ্রেফতার ১

খুলনা ব্যুরো :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা-এ চার বছরের শিশু তাবাসসুম হত্যার ঘটনায় আবু তাহের (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া শহরে তার ভাইয়ের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিশুটি নিখোঁজ হওয়ার পর পুলিশ অনুসন্ধান শুরু করে। পরদিন উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়-এর সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, আবু তাহের বারোবাজার এলাকার বাদেডিহী গ্রামে নিহত শিশুর বাসার পাশের একটি বাড়ি ভাড়া নিয়ে ব্যবসার মালামাল রাখতেন। ঘটনার দিন তিনি চিপস ও জুসের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে যান। সেখানে নির্যাতনের একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরেন। এতে শিশুটির মৃত্যু হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। পরে মরদেহ বস্তায় ভরে বিদ্যালয়ের পেছনের সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।

গ্রেফতারকৃত আবু তাহের কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত তাবাসসুমের পরিবার বারোবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবা নজরুল ইসলাম স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং মা হালিমা খাতুন বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন-এ কর্মরত।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।