সাতক্ষীরাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত


আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (দুপুর ১টা ৫২ মিনিটে) হঠাৎ করে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক কিছু।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের গোসাবা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এর অবস্থান নির্ণয় করা হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার।
সাতক্ষীরার বিভিন্ন এলাকায় শক্ত ঝাঁকুনি অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকেই হঠাৎ কম্পন টের পেয়ে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। জুমার নামাজের প্রস্তুতিকালে মসজিদে অবস্থানরত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ নিরাপত্তার জন্য দ্রুত মসজিদ ত্যাগ করেন।
তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।