সীমান্তে স্বর্ণ সহ পাচারকারী আটক
খুলনা ব্যুরো :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, ৩০ জানুয়ারি শুক্রবার বাঘাডাঙ্গা বিওপির একটি আভিযানিক দল সীমান্তবর্তী খোসালপুর বাজার এলাকায় একটি ব্রিজের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক চলাচলের কারণে ফয়সাল হাসান শিশির নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশিতে তার কাছ থেকে ৩৫৮ দশমিক ৮৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে বিজিবির দাবি। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণ ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।