কালীগঞ্জে ব্যক্তিকে মারধরের অভিযোগ ঘিরে আলোচনা, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন   |   ঢাকা

কালীগঞ্জে ব্যক্তিকে মারধরের অভিযোগ ঘিরে আলোচনা, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেr ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বৌন্না তিন রাস্তার মোড় এলাকায় গত ১ জুন বেলা প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ৩ জুন রাত থেকে ঘটনাসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনসমক্ষে আসে।

ভিডিওতে দেখা যায়, বৌন্না এলাকার বাসিন্দা ও পেশায় কাঠুরে রফিকুল ইসলাম অভিযোগ করছেন যে, তার ছেলের সঙ্গে অন্য এক ব্যক্তির বিরোধের জের ধরে তাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহু ও তার সহযোগীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেছেন বলে তিনি দাবি করেন। রফিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট বিরোধের সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নেছার উদ্দিন নুহু প্রথমে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও পরবর্তীতে তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, সেখানে একটি বিরোধপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তিনি বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। অভিযোগের সত্যতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওসহ ঘটনার সার্বিক দিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হলে জনমনে সৃষ্টি হওয়া সংশয় দূর হবে এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

Advertisement
Advertisement
Advertisement