মাদকের বিরুদ্ধে আপসহীন আমান উল্লাহ আমান, যুবসমাজ রক্ষায় জোর দিলেন খেলাধুলায়

 প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন   |   ঢাকা

মাদকের বিরুদ্ধে আপসহীন আমান উল্লাহ আমান, যুবসমাজ রক্ষায় জোর দিলেন খেলাধুলায়

কেরানীগঞ্জ প্রতিনিধি :

​দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল জাতি গঠনে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মাদক কারবারির কোনো দলীয় পরিচয় হতে পারে না, সে যে দলেরই হোক না কেন তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। সোমবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়ার ঐতিহাসিক আকসাইল মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।

​আমান উল্লাহ আমান তাঁর বক্তব্যে মাদকের সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধংসের মুখে ঠেলে দেয়। তাই বাংলাদেশে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না। মাদক নির্মূলে কেবল প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। একই সঙ্গে যুবসমাজকে ক্ষতিকর আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। তরুণদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য দেশব্যাপী মাঠের পরিধি এবং ক্রীড়া চর্চার সুযোগ আরও বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

​বিকেলের এই জমকালো ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো আকসাইল মাঠ ও এর আশপাশের এলাকায় এক উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দুপুরের পর থেকেই কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা এবং দূর-দূরান্ত থেকে হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় জমাতে শুরু করেন। মুহুর্মুহু করতালি আর গ্যালারির উন্মাদনায় মাঠের আবহ হয়ে ওঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টুর্নামেন্টের এই রোমাঞ্চকর ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধনও করেন আমান উল্লাহ আমান।

​মাঠে মুখোমুখি হয়েছিল মানিকনগর স্পোর্টিং ক্লাব এবং ঐতিহ্যবাহী ভাওয়াল ক্লাব। প্রথমার্ধে দুই দলের রক্ষণভাগ ও আক্রমণভাগের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে কোনো পক্ষই জালের দেখা পায়নি, ফলে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে মাঠের কৌশল পরিবর্তন করে আক্রমণাত্মক খেলা শুরু করে তারানগরের ঐতিহ্যবাহী ভাওয়াল ক্লাব। খেলার মধ্যভাগে দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে কাঙ্ক্ষিত গোলটি করে দলকে এগিয়ে নেয় তারা। এর পরপরই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মানিকনগর স্পোর্টিং ক্লাব। একের পর এক জোরালো আক্রমণ চালিয়েও ভাওয়াল ক্লাবের শক্ত রক্ষণব্যূহ ভাঙতে ব্যর্থ হয় তারা। শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভাওয়াল ক্লাব।

​খেলার সমাপ্তি শেষে প্রধান অতিথি আমান উল্লাহ আমান চ্যাম্পিয়ন ভাওয়াল ক্লাব ও রানারআপ মানিকনগর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং পরাজিত দলকে আগামীতে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন। জমকালো এই ক্রীড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, সহ-সভাপতি হাজী রুহুল আমিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনিরসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় ক্রীড়ামোদী জনগণ রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement