মেঘনায় মাছের আকাল, জেলেদের মাঝে হাহাকার
ইউসুফ হোসেন বাবলু দৌলতখান ভোলা :
দেশের অন্যতম বৃহৎ নদী মেঘনা নদী এখন যেন মাছশূন্য হয়ে পড়েছে। কয়েক মাস ধরে নদীতে আশানুরূপ মাছ না পাওয়ায় চরম সংকটে পড়েছেন হাজারো জেলে পরিবার। একসময় যে নদীতে জাল ফেললেই ধরা পড়ত ইলিশ এবং বিভিন্ন প্রজাতির মাছ, সেখানে এখন ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ।
স্থানীয় জেলেদের অভিযোগ,অবৈধ কারেন্ট জাল ব্যবহার, এবং প্রাকৃতিক পরিবর্তনের কারণে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
মেঘনা নদীর পাড়ের জেলে আব্দুল করিম বলেন,
“আগে প্রতিদিন নদীতে গেলে ভালো মাছ পাওয়া যেত। এখন সারাদিন জাল ফেলেও খালি হাতে ফিরতে হচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে গেছে।”
আরেক জেলে মো. সোহেল জানান,“ঋণ করে জাল ও নৌকা চালাই। কিন্তু মাছ না থাকায় ধারদেনা বেড়েই চলছে। অনেকেই পেশা পরিবর্তনের কথা ভাবছেন।”
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও বলছেন, নদীতে মাছের সংকটের প্রভাব বাজারেও পড়েছে। মাছের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে কয়েকগুণ। এতে সাধারণ ক্রেতারাও বিপাকে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয় মৎস্য কর্মকর্তারা জানান, নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল জব্দ এবং প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন কাজ করছে। পাশাপাশি নদীর পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মেঘনা নদী থেকে দেশীয় মাছের অনেক প্রজাতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই নদী রক্ষা ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের জরুরি উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন।