আর্জেন্টিনার বিপক্ষে মাঠে ব্রাজিল নারী দল, বিশ্বকাপের প্রস্তুতি
ব্রাজিলের নারী জাতীয় ফুটবল দল
আর্জেন্টিনার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে মাঠের প্রস্তুতি শুরু করেছে ব্রাজিলের নারী জাতীয় ফুটবল দল। অক্টোবরের ফিফা উইন্ডোতে হতে যাওয়া এই দুই ম্যাচকে ২০২৭ নারী বিশ্বকাপের মূল প্রস্তুতির অংশ হিসেবে দেখছে তারা।
কোচ আর্থুর এলিয়াসের দল এখন পোর্তো আলেগ্রেতে অবস্থান করছে।
সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর শনিবার, পোর্তো আলেগ্রের বেইরা-রিও স্টেডিয়ামে। এই মাঠেই ইতিহাসে প্রথমবারের মতো নামতে যাচ্ছে সেলেসাওদের মূল দল, যা আগামী বিশ্বকাপের ভেন্যুগুলোর একটি। এরপর ১৩ অক্টোবর রেসিফের অ্যারেনা পারনামবুকোতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
আসন্ন ম্যাচ দুটিকে সামনে রেখে ২৮ সদস্যের স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় করেছেন কোচ আর্থুর এলিয়াস। তবে হাঁটুর সমস্যার কারণে করিন্থিয়ান্সের থাইস ফেরেইরা ছিটকে পড়ায় সাও পাওলোর ডিফেন্ডার ক্যারল জিলকে দলে নেওয়া হয়েছে। নিজ দেশে হতে যাওয়া আগামী বিশ্বকাপের আগে খেলোয়াড়দের পরখ করা ও কৌশল ঝালিয়ে নেওয়াই ব্রাজিলের প্রধান লক্ষ্য।
প্রতিপক্ষ আর্জেন্টিনাও নিজেদের শক্তিমত্তা যাচাইয়ে এই সফরকে গুরুত্ব দিচ্ছে। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০২৪ সালের কনকাকাফ উইমেন্স গোল্ড কাপে, যেখানে ৫-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। এবারও ঘরের মাঠে জয়ের সেই ধারা ধরে রাখাই স্বাগতিকদের মূল লক্ষ্য। এই প্রীতি উইন্ডো শেষে বছরের শেষ দিকে জাপান সফরে যাবে ব্রাজিল দল।